মাতৃভাষা দিবসের স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছান। দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো তিনি এদিন তেজগাঁও কার্যালয়ে অফিস শুরু করেন। সেখানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন তারকে স্বাগত জানান।
কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। অনেক কর্মচারীকে নাম ধরে ডাকেন এবং কাছে টেনে আলাপ করেন, যা সেখানে উপস্থিত অনেককে আবেগাপ্লুত করে তোলে।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী তারেক রহমান তার অফিস কার্যক্রম শুরু করার সঙ্গে সঙ্গে কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা গাছের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। এরপর তিনি বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেন, যা ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে তৈরি করা হয়েছে।
এ স্মারক ডাকটিকিট বাংলা ভাষার মর্যাদা ও শহীদদের ত্যাগকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার একটি প্রতীক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উন্মোচনের মাধ্যমে প্রধানমন্ত্রী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে সজীব রাখার বার্তাও দিয়েছেন।








