ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ব্যয়ের হিসাব চাইল ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি ব্যয়ের হিসাব চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ মার্চের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যয়ের রিটার্ন জমা দিতে হবে।
বিজ্ঞাপন
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত চিঠি সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে। চিঠিতে ইসির সিনিয়র সহকারী সচিব এএসএম ইকবাল হাসান স্বাক্ষর করেছেন।
চিঠিতে উল্লেখ করা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৪৪(গ) অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচিত প্রার্থীদের নামে গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সব প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তার কাছে নির্বাচনি ব্যয়ের বিবরণী দাখিল করতে হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নাম ও ঠিকানাসহ গেজেট প্রকাশিত হয়েছে ১৩ ফেব্রুয়ারি। সে হিসাবে ৩০ দিনের সময়সীমা শেষ হবে ১৫ মার্চ।
বিজ্ঞাপন
আরও বলা হয়েছে, ব্যয়ের হিসাব জমা নিশ্চিত করতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জারি করা পরিপত্র-১৮ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা পড়া প্রার্থীদের ব্যয়ের তথ্য আগামী ২৫ মার্চের মধ্যে নির্বাচন কমিশনে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশ নেয়। ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মোট ২ হাজার ২৮ জন প্রার্থী।








