আজ ঢাকায় আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর আজ মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা সফরে আসছেন। সোমবার (২ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাস ঢাকা-এর মুখপাত্র পূর্ণিমা রাই পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞাপন
বিবৃতিতে বলা হয়, এই সফরের লক্ষ্য যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করা। সফরকালে পল কাপুর নতুন সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর তারেক রহমান-এর নেতৃত্বে নতুন সরকার গঠিত হয়েছে। সেই প্রেক্ষাপটে এটি যুক্তরাষ্ট্রের কোনো শীর্ষ কর্মকর্তার প্রথম ঢাকা সফর।
বিজ্ঞাপন
কূটনৈতিক সূত্র জানিয়েছে, ৩ থেকে ৫ মার্চ পর্যন্ত ঢাকায় অবস্থান করবেন পল কাপুর। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে তার এ সফরকে দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সফরের সময় তিনি সরকারের বাণিজ্য, অর্থ, জ্বালানি ও পররাষ্ট্র খাতের দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময়ের কথা রয়েছে।
সূত্রগুলো আরও জানিয়েছে, সফরটি রাজনৈতিক হলেও বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি বাস্তবায়ন ইস্যুতে বিশেষ গুরুত্ব দেবে ওয়াশিংটন। এ ছাড়া মিয়ানমার পরিস্থিতি, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক প্রেক্ষাপটে পাকিস্তান, আফগানিস্তান ও ইরান-সংক্রান্ত বিষয়েও আলোচনা হতে পারে।
বিজ্ঞাপন
এর আগে, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর গত ২৩ ফেব্রুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসন বৈঠক করেন। ওই বৈঠকেই পল কাপুরের ঢাকা সফর চূড়ান্ত হয়।








