‘মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর আশ্বাস পেয়েছি’

চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের ভিসার মেয়াদ বৃদ্ধির বিষয়ে ইতিবাচক বার্তা পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। তিনি বলেন, কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত ইস্যুতে সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে নিয়মিত যোগাযোগ ও আলোচনা চলছে।
বিজ্ঞাপন
বুধবার (৪ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
হুমায়ুন কবির বলেন, “মধ্যপ্রাচ্যে কর্মরত আমাদের নাগরিকদের কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত বিষয়গুলো আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। দূতাবাসগুলোর সঙ্গে ধারাবাহিক যোগাযোগ রয়েছে এবং ভিসার মেয়াদ বাড়ানোর বিষয়ে আশ্বাস পাওয়া গেছে।”
বিজ্ঞাপন
তিনি বলেন, ‘সবদিকেই আমাদের আন্তরিকতা ও চেষ্টার কোনো কমতি নেই। এই সরকার জনগণের সরকার। তাই বাংলাদেশের নাগরিকরাই সরকারের দৈনন্দিন কার্যক্রমে সর্বোচ্চ প্রাধান্য পাচ্ছে।’
যুদ্ধ পরিস্থিতিতে সম্ভাব্য যেকোনো সংকট মোকাবেলায় সরকারের প্রস্তুতি রয়েছে বলেও এ সময় জানান উপদেষ্টা হুমায়ুন কবির।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত এই সরকার একটি শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে, আলহামদুলিল্লাহ। সরকারের অবশ্যই প্রস্তুতি আছে এবং আমরা চেষ্টা করছি, যেন কোনো ধরনের সংকটে না পড়তে হয় এবং সবকিছু একটি টেকসই (সাসটেইনেবল) উপায়ে স্বাভাবিক থাকে। এজন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা নিচ্ছি।’
বিজ্ঞাপন
বিশেষ করে জ্বালানি খাতে বৈচিত্র্য আনার (ডাইভার্সিফিকেশন) বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি।
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, সৌদি আরব, ইউএই, কাতারসহ যুদ্ধপ্রভাবিত অঞ্চলে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। প্রয়োজনে নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতিও রয়েছে। এছাড়া সম্ভাব্য প্রয়োজনের কথা মাথায় রেখে অন্যান্য দেশগুলোর সঙ্গেও আলোচনা অব্যাহত আছে, যাতে জরুরি পরিস্থিতিতে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যায়।
বিজ্ঞাপন








