Logo

ত্রয়োদশ সংসদ : প্রথম দিন থেকেই সরকারকে চাপ দেবে বিরোধী দল

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ মার্চ, ২০২৬, ১৭:২৪
ত্রয়োদশ সংসদ : প্রথম দিন থেকেই সরকারকে চাপ দেবে বিরোধী দল
জাতীয় সংসদ ভবন | ফাইল ছবি

আগামী ১২ মার্চ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে। প্রথম দিন থেকেই সরকারকে কার্যকরভাবে চাপে রাখার প্রস্তুতি নিয়েছে প্রথমবারের মতো সংসদে বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

বিশেষ করে আইনশৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নির্বাচনে অনিয়ম, জুলাই সনদ ও গণভোট এবং সুশাসনের বিষয়গুলোকে কেন্দ্র করে তারা সরকারকে প্রশ্নের মুখে ফেলবে। এ ক্ষেত্রে মূল ফোকাস থাকবে আইনশৃঙ্খলা, নির্বাচনে অনিয়ম এবং জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মন্ত্রিসভার সম্ভাব্য রদবদল এবং নতুন মুখের আগমনের প্রেক্ষিতে এই অধিবেশন বিশেষ তাৎপর্যপূর্ণ। বিরোধী দল যদি ঐক্যবদ্ধভাবে চাপ প্রয়োগ করতে পারে, তবে তা সরকারের নীতিনির্ধারণে প্রভাব ফেলতে পারে। তাই অধিবেশনের শুরু থেকেই সংসদ প্রাণবন্ত এবং কিছুটা উত্তপ্ত থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

বিরোধীদলীয় সূত্র জানিয়েছে, তারা রাজপথের পরিবর্তে সংসদেই সরকারকে সরাসরি প্রশ্ন করবে। ইতিমধ্যেই জামায়াতের সংসদ সদস্যদের জন্য দুই দিনব্যাপী ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ আয়োজন করা হয়েছে। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কর্মশালায় প্রথমবার নির্বাচিতদের সংসদীয় কার্যক্রম, বিল-বাজেট, স্থায়ী কমিটির কাজসহ সংসদীয় দায়িত্ব সম্পর্কে ধারণা দেওয়া হয়। অনুষ্ঠানে অভিজ্ঞ সাবেক সংসদ সদস্য, আমলা ও একাডেমিশিয়ানরা সদস্যদের দায়িত্ব ও কৌশলগত ভূমিকা বোঝান।

দলটির নেতারা জানিয়েছেন, সরকারের ইতিবাচক পদক্ষেপে পূর্ণ সমর্থন থাকবে। তবে কোনো অসংগত বা জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত নিলে বিরোধী দল প্রথমে দৃষ্টি আকর্ষণ করবে এবং সংশোধন না হলে তাদের রাজনৈতিক ভূমিকা কার্যকর হবে। তাদের মূল লক্ষ্য জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং সরকারকে প্রশ্নের মুখে রাখা।

বিরোধী দলের সিনিয়র নেতারা মনে করেন, সংসদ হলো জনগণের কথা বলার স্থান। তারা চায় সরকার প্রতিটি প্রশ্নের যথাযথ জবাব দিক। আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, দ্রব্যমূল্য পরিস্থিতি, অর্থনৈতিক সংকট মোকাবিলা, সরকারি প্রকল্প ও দপ্তরের অনিয়ম নিয়ে বিরোধী দল সরব থাকবে। এছাড়া জাতীয় সংসদ নির্বাচনে ভোট গণনায় জালিয়াতি, জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নসহ আদালতে দায়েরকৃত রিট বিষয়ে তারা স্পষ্ট অবস্থান নেবে।

বিজ্ঞাপন

জামায়াতের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট শিশির মনির বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে আমরা বিস্তারিত জানতে চাইব। সরকারি দল যদি জনস্বার্থবিরোধী পদক্ষেপ নেয়, আমরা সেই বিষয়ে সংসদে যথাযথ ভূমিকা পালন করব।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। দ্বিতীয় সর্বোচ্চ আসন নিয়েছে জামায়াত, ৬৮টি। নতুন নির্বাচিত সংসদ সদস্যদের মধ্যে প্রায় ৮০ ভাগ জামায়াতের সদস্যরা প্রথমবার সংসদে আসছেন।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানিয়েছেন, বিরোধী দল যৌক্তিক দাবি ও ইস্যুতে সমালোচনা করবে, এটাই স্বাভাবিক। সরকারের দায়িত্ব হলো বিরোধী দলকে শক্তিশালী রাখা, যাতে সরকার ভালো কাজ করতে পারে। সংসদকে কার্যকর রাখতে গঠনমূলক আলোচনার বিকল্প নেই। যৌক্তিক বিতর্ক স্বাগত জানানো হবে এবং সংসদীয় নিয়ম মেনেই সব প্রশ্নের জবাব দেওয়া হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD