স্বাস্থ্যমন্ত্রী আকস্মিক হাসপাতালে পরিদর্শন, ডাক্তারদের উপস্থিতি নিয়ে উদ্বেগ

সরকারি হাসপাতালগুলোতে ডাক্তাররা নির্ধারিত সময়ে দায়িত্ব পালন করছেন কিনা তা যাচাই করতে এক অভিনব পদ্ধতি অবলম্বন করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।
বিজ্ঞাপন
শনিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৮টায় মন্ত্রী কোনো পূর্বসংবাদ না দিয়ে সরাসরি নরসিংদীর পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ পৌঁছান। এ সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, রোগীর ওয়ার্ড এবং ডাক্তারদের চেম্বারগুলো পরিদর্শন করেন।
পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী হতবাক হন হাসপাতালের অধিকাংশ ডাক্তার সঠিক সময়ে উপস্থিত না থাকার কারণে। এক ঘণ্টা অবস্থান করার পর তিনি এই অবস্থার উপর দুঃখ প্রকাশ করেন। এর আগে গত ৫ মার্চ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডাক্তারদের নির্ধারিত সময়ে উপস্থিত না থাকার বিষয়ে সংবাদ প্রকাশিত হলে তা নজরে আসে মন্ত্রীর।
বিজ্ঞাপন
পরে ডাক্তারদের সঠিক সময়ে হাসপাতালে উপস্থিত থাকার জন্য কঠোর বার্তা জানিয়ে দেন স্বাস্থ্যমন্ত্রী। পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী মো. আতিকুল ইসলামসহ বিভিন্ন কর্মকর্তারা।








