Logo

জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ১৪:১২
জাতীয় স্মৃতিসৌধে নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও অন্যান্য হুইপ মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। রোববার (৮ মার্চ) সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তারা শহীদদের প্রতি সম্মান প্রকাশ করেন।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদনকারী ৬ জন হুইপ হলেন— মো. জি কে গউছ, রকিবুল ইসলাম মিয়া, নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান)। পুষ্পস্তবক অর্পণের পর তারা শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এরপর চিফ হুইপ পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে চিফ হুইপ মো. নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, দীর্ঘ ১৭ বছরের আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফা ও নির্বাচনী ইশতেহারের আলোকে বর্তমান সরকার দেশের মানুষের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আগামী ১২ মার্চ থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক হবে। আশা করা যায়, বিরোধী দল সংসদে গঠনমূলক আলোচনার মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে সহযোগিতা করবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশগুলো সংসদ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে এবং পরবর্তী ৩০ দিনের মধ্যে তা পাস করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এই লক্ষ্যেই জাতীয় সংসদ সচিবালয় যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব, সার্জেন্ট অ্যাট আর্মস, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD