জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে মাঠে নামছে মোবাইল কোর্ট

জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারে কৃত্রিম সংকট তৈরি ঠেকাতে সারা দেশে ভ্রাম্যমাণ আদালত বা মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৯ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেট পরিবীক্ষণ শাখা থেকে দেশের সব জেলা প্রশাসককে (ডিসি) এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নাহিদা আক্তার তানিয়ার সই করা এক পত্রে জানানো হয়েছে, জ্বালানি তেলের বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট যাতে তৈরি না হয়, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
চিঠিতে তেলের অবৈধ মজুত গড়ে তোলা বন্ধ করা, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি প্রতিরোধ করা এবং খোলা বাজারে তেল বিক্রি বা পাচার রোধে কঠোর নজরদারির কথা উল্লেখ করা হয়েছে। এসব কার্যক্রম তদারকির জন্য নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার ওপর বিশেষ গুরুত্ব দিতে বলা হয়েছে।
বিজ্ঞাপন
এতে আরও উল্লেখ করা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে গত ৮ মার্চ একটি সূত্রের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনার জন্য অনুরোধ জানানো হয়েছিল। সেই অনুরোধের পরিপ্রেক্ষিতে জনস্বার্থ বিবেচনায় এবং জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে মাঠ প্রশাসনকে এই নির্দেশ দেওয়া হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনার পর দেশের জেলা ও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসকদের তদারকিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা বাজার তদারকি এবং মোবাইল কোর্ট পরিচালনা শুরু করবেন। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, জনস্বার্থে এই কার্যক্রম দ্রুত কার্যকর করতে হবে এবং জ্বালানি তেলের বাজারে স্বাভাবিকতা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।








