দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

বিশ্ব পরিস্থিতি অস্থিরতার মধ্য দিয়ে গেলেও দেশে পেট্রোল ও ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, ধাপে ধাপে এই জ্বালানি সরবরাহ অব্যাহত রাখা হবে। সোমবার (৯ মার্চ) ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির সভায় তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন স্থান থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে—যথেষ্ট জ্বালানি মজুত থাকা সত্ত্বেও কিছু পেট্রোল পাম্প বন্ধ রাখা হচ্ছে। আবার কেউ কেউ একই গাড়িতে বারবার জ্বালানি নিচ্ছেন, যা মজুত করার প্রবণতার ইঙ্গিত দেয়। এ বিষয়টি কঠোর নজরদারির আওতায় আনার প্রয়োজন রয়েছে।
কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, এটি এখন সারা দেশে একটি গুরুতর সামাজিক সমস্যায় পরিণত হয়েছে এবং মাদকের পর সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠছে। এই পরিস্থিতি মোকাবিলায় অভিভাবকদের আরও সচেতন হতে হবে। পাশাপাশি স্কুল-কলেজে অডিও-ভিডিও ক্লিপের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করার উদ্যোগ নেওয়া যেতে পারে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সামাজিক সচেতনতা বাড়াতে সরকার ইতোমধ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে ভিডিও ক্লিপ প্রচার করা হচ্ছে, যা জেলা পর্যায়েও বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
মাদক সমস্যার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, মাদকের উৎস ও বিস্তারের কারণ চিহ্নিত করে তা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ময়মনসিংহ জেলায় অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা, মাদক ও অপরাধ দমনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু, অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলন, মুফতি মুহাম্মদুল্লাহ এবং মোহাম্মদ সালমান ওমর।
এ সময় জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র্যাব ও বিজিবির প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।








