Logo

খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৪:১২
খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) অধিবেশনের শুরুতেই রাষ্ট্রপতি বা স্পিকারের পক্ষ থেকে শোকপ্রস্তাব উত্থাপন করা হয়। এতে বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর আমরা হারিয়েছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা হিসেবে দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান চিরস্মরণীয়। সংসদ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

বাংলাদেশি নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের প্রভাবশালী নেতাদের মৃত্যুতে সংসদ শোক প্রকাশ করেছে। এ তালিকায় রয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস এবং ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

বিজ্ঞাপন

অধিবেশনে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক সভাপতি এ.কিউ.এম. বদরুদ্দোজা চৌধুরীসহ মোট ৩১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোকপ্রস্তাব আনা হয়। তাদের জীবনবৃত্তান্ত সম্বলিত শোকপ্রস্তাব সংসদে পাঠ করা হয়।

শোকপ্রস্তাবের তালিকায় উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মেজর জেনারেল (অব.) কে.এম. সফিউল্লাহ, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, মোস্তফা মোহসীন মন্টু, আব্দুল করিম খন্দকার এবং রমেশ চন্দ্র সেন।

বিজ্ঞাপন

শোকপ্রস্তাব উত্থাপনের পর সংসদে দাঁড়িয়ে প্রয়াতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শোকপ্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংসদ সচিবালয় জানিয়েছে, শোকপ্রস্তাবের অনুলিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD