Logo

সংসদের প্রথম অধিবেশনে দর্শক সারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মার্চ, ২০২৬, ১৪:৩০
সংসদের প্রথম অধিবেশনে দর্শক সারিতে ড. ইউনূস-জুবাইদা-জাইমা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ঘিরে সংসদ ভবনে ছিল উৎসবমুখর পরিবেশ। এদিন অধিবেশন চলাকালে দর্শক গ্যালারিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সশস্ত্র বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনে নতুন সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

অধিবেশন চলাকালে দর্শক সারিতে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী জুবায়দা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি সংসদ ভবনে আগতদের মধ্যে বিশেষ আগ্রহের সৃষ্টি করে।

বিজ্ঞাপন

এছাড়াও দর্শক গ্যালারিতে বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানসহ সশস্ত্র বাহিনীর একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাকে দেখা যায়। নতুন সংসদের কার্যক্রম প্রত্যক্ষ করতে তারা সেখানে অবস্থান নেন।

অধিবেশন শুরুর পর প্রবীণ সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে অধিবেশনে বক্তব্য দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় সরকারদলীয় ও বিরোধী দলের সংসদ সদস্যরা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন।

প্রথম অধিবেশন উপলক্ষে সংসদ ভবনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, নবনির্বাচিত সংসদ সদস্য, বিদেশি কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা এবং দেশের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সকাল থেকেই সংসদ ভবনে তাদের আগমন শুরু হয়।

বিজ্ঞাপন

রাজনৈতিক প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ের ঘটনাপ্রবাহের ধারাবাহিকতায় এই সংসদ অধিবেশন অনুষ্ঠিত হয়। ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। এরপর ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।

প্রায় দেড় বছর পর গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন রাতে নির্বাচন কমিশন নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে এবং ১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেন।

বিজ্ঞাপন

সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদের বৈঠক আহ্বান করার বিধান রয়েছে। সেই সাংবিধানিক বাধ্যবাধকতা অনুসরণ করেই ফল ঘোষণার প্রায় এক মাসের মাথায় নতুন সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হলো।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD