Logo

খাল খনন কর্মসূচি উদ্বোধনে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ মার্চ, ২০২৬, ১২:৫৩
খাল খনন কর্মসূচি উদ্বোধনে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

দেশব্যাপী নদী-নালা ও খাল পুনখনন কার্যক্রমের সূচনা করতে আগামীকাল দিনাজপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সফরের অংশ হিসেবে তিনি খালখনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং একই সঙ্গে নিজের নানা-নানির কবর জিয়ারত করবেন।

বিজ্ঞাপন

সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই কর্মসূচির মাধ্যমে সারা দেশে নদী, নালা, খাল এবং বিভিন্ন জলাধার খনন ও পুনখননের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল সাড়ে ১০টায় পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বাসে করে কাহারোল যাবেন। খাল খনন উদ্বোধন শেষে দিনাজপুর শহরে আসবেন। নানা-নানির কবর জিয়ারত করে সার্কিট হাউজ মাঠে ইফতার করবেন। সৈয়দপুর থেকে রাত ৮টায় বিমানে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর আগমনে অপেক্ষার প্রহর গুনছেন তৃণমূলের নেতাকর্মীরা। দিনাজপুর জুড়ে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। চলছে সাজসজ্জা ও ব্যাপক প্রস্তুতি।

সেই সঙ্গে তারেক রহমান তার নানা-নানির কবর জিয়ারত করবেন—এ খবর প্রকাশ হওয়ার পর থেকেই শেখ ফরিদপুর কবরস্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ শুরু হয়েছে। কবরস্থানের সাধারণ সম্পাদক আবু তৈয়ব আলী জানিয়েছেন, সফর উপলক্ষে কবরস্থানটি সুন্দরভাবে প্রস্তুত করার কাজ চলছে।

বিজ্ঞাপন

অন্যদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন। তিনি বলেন, সফরের সময় প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করতে এসএসএফের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া সার্বিক নিরাপত্তায় প্রায় তিন হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD