সরকার কন্যাশিশুর অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ: জুবাইদা রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, সরকার নারীদের শিক্ষাকে অবৈতনিক করার পদক্ষেপ গ্রহণ করবে। রোববার (১৫ মার্চ) নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ যাদুঘরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বিজ্ঞাপন
ডা. জুবাইদা রহমান বলেন, "যে জাতির নারীরা এগিয়ে যায়, সেই জাতি এগিয়ে যায়। বর্তমান সরকার কন্যাশিশুর অধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। নারীদের শিক্ষা অবৈতনিক করার পদক্ষেপও সরকারের পরিকল্পনার অংশ। দেশের প্রতিটি শিশুর উজ্জ্বল ভবিষ্যত নিশ্চিত করা আমাদের লক্ষ্য।"
তিনি আরও বলেন, "আমরা এমন বাংলাদেশ গড়ে তুলব যেখানে নারী নেতৃত্বের মাধ্যমেই ভবিষ্যতের বাংলাদেশ তৈরি হবে।"
বিজ্ঞাপন
এর পাশাপাশি সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে প্রথম নারী বিষয়ক অধিদফতর প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান। আনসার ভিডিপিতেও প্রথম নারীদের অন্তর্ভুক্তি করেছিলেন তিনি। নারীদের জন্য প্রথম ২০ শতাংশ কোটা নিশ্চিত করেছিলেন, যার ফলশ্রুতিতে আজ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ৬২ শতাংশ নারী।
মন্ত্রী বলেন, "অধিকার সবার জন্যই। গণতন্ত্রের নামে স্বৈরাচার চলতে পারে না। বিগত সরকারের সময়ে আমরা অধিকারহীন হয়েছিলাম। তাই এখনও নারী অধিকার নিয়ে কথা বলা জরুরি। আমরা চাই এমন একটি দেশ যেখানে নারীর অধিকার নিয়ে আলাদা করে আলোচনার প্রয়োজন হবে না।"








