খাল দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না: অর্থমন্ত্রী

খাল দখল ও অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, সরকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা বজায় রেখে কাজ করছে এবং এসব কাজে কোনো ধরনের দুর্নীতির সুযোগ নেই। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, প্রভাবশালী যেই হোক না কেন, খাল দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
বিজ্ঞাপন
সোমবার (১৬ মার্চ) দুপুরে চট্টগ্রামের মিরসরাই উপজেলার বামনসুন্দর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বর্তমানে বৈশ্বিক নানা সংকটের কারণে দেশের অর্থনৈতিক পরিস্থিতি চ্যালেঞ্জের মুখে রয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং জ্বালানি সংকটও অর্থনীতিতে প্রভাব ফেলছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও সরকার উন্নয়ন কার্যক্রম অব্যাহত রেখেছে এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ কৃষি ও মৎস্য খাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও সহায়ক হবে।
দেশব্যাপী নদী, নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) এই প্রকল্প বাস্তবায়ন করছে। এর আওতায় মিরসরাইয়ের বামনসুন্দর এলাকার আলিরপোল থেকে বানাতলী পর্যন্ত প্রায় তিন কিলোমিটার খাল পুনঃখনন করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় কৃষকরা সরাসরি উপকৃত হবেন। এর মাধ্যমে প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে সেচ সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
বিজ্ঞাপন
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন এবং বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের প্রধান প্রকৌশলী মুহাম্মদ বদিউল আলম সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা কমানো, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।








