Logo

মধ্যপ্রাচ্যের সংঘাতে পাঁচ বাংলাদেশির মৃত্যু: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ মার্চ, ২০২৬, ১৩:০৬
মধ্যপ্রাচ্যের সংঘাতে পাঁচ বাংলাদেশির মৃত্যু: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরিস্থিতি বিবেচনায় বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলমান রয়েছে এবং পর্যায়ক্রমে আরও ফেরত আনা হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ মার্চ) সৌদি আরবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি মোশারফ হোসেনের মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত আমরা পাঁচজন বাংলাদেশিকে হারিয়েছি। সরকার প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। আমাদের দূতাবাসগুলো তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং নিরাপদে রাখার চেষ্টা করছে।”

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, যুদ্ধ পরিস্থিতির অবসান চান বাংলাদেশ। কূটনীতি ও আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হওয়া উচিত বলে সরকার মনে করে।

ইরানসহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরানোর বিষয়ে তিনি জানান, বর্তমানে ১৮৬ জন বাংলাদেশিকে আজারবাইজান হয়ে দেশে আনার প্রক্রিয়া চলছে। পরিস্থিতি অনুযায়ী ধাপে ধাপে আরও প্রবাসীকে ফিরিয়ে আনা হবে।

বিজ্ঞাপন

এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সরকারের নির্দেশনায় প্রবাসীদের পাশে সব সময় থাকার নীতি অব্যাহত রয়েছে। নিহত মোশারফ হোসেনের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হবে এবং তার দুই সন্তানের পড়াশোনার দায়িত্ব মন্ত্রণালয় গ্রহণ করবে।

তিনি আরও জানান, যুদ্ধ পরিস্থিতিতে চাকরি হারিয়ে দেশে ফেরা প্রবাসীদের কর্মসংস্থান নিয়ে সরকার কাজ করবে। যারা পুনরায় বিদেশে যেতে চান, তাদের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতে নিহতদের মরদেহ দেশে আনার ব্যয় সরকার বহন করছে। পাশাপাশি প্রত্যেক নিহত পরিবারকে সাড়ে তিন লাখ টাকা এবং বিএমইটি কার্ডধারীদের অতিরিক্ত ১০ লাখ টাকা সহায়তা দেওয়া হবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ৮ মার্চ সৌদি আরবের আল-খারিজ শহরের কাছে আল-তোয়াইক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় বাংলাদেশি প্রবাসী মোশারফ হোসেন নিহত হন। ইফতারের আগে চালানো ওই হামলায় তিনি ছাড়াও আরও দুইজন প্রাণ হারান। শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে (এসভি ৮০৬) তার মরদেহ দেশে পৌঁছায়।

বিমানবন্দরে উপস্থিত পরিবারের সদস্যদের সামনে মরদেহ গ্রহণ করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিজ্ঞাপন

নিহত মোশারফ হোসেন টাঙ্গাইলের সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের মো. সুরজত আলীর ছেলে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD