নির্বাচিত সরকার থাকায় মানুষ নির্বিঘ্নে ঈদ করছে : চসিক মেয়র

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রামবাসীকে শুভেচ্ছা জানিয়ে একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যকর নগর গড়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, দীর্ঘদিন পর নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হওয়ায় মানুষ এবার নির্বিঘ্ন ও স্বস্তির পরিবেশে ঈদ উদ্যাপন করতে পারছে।
বিজ্ঞাপন
শনিবার (২১ মার্চ) নগরীর জমিয়াতুল ফালাহ ময়দানে অনুষ্ঠিত ঈদের জামাতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন মেয়র।
এ সময় তিনি ঈদের তাৎপর্য তুলে ধরে বলেন, এই উৎসব শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা বহন করে। সেই চেতনা ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে নগর উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
মেয়র আরও বলেন, নগরবাসীর সম্মিলিত সহযোগিতাই একটি আধুনিক ও বাসযোগ্য চট্টগ্রাম গড়ার মূল শক্তি। তাদের সমর্থন ও অংশগ্রহণ ছাড়া কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।
এবারের ঈদ উদ্যাপন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, দেশের মানুষ অনেকদিন পর একটি নির্বাচিত সরকারের অধীনে উৎসব পালন করছে। ফলে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে। মানুষ নির্বিঘ্নে ও নিশ্চিন্তে ঈদ করতে পারছে, যা ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত।
বিজ্ঞাপন
সরকারের বিভিন্ন জনমুখী উদ্যোগের কথাও তুলে ধরেন মেয়র। বিশেষ করে ফ্যামিলি কার্ড চালুর মতো পদক্ষেপ সাধারণ মানুষের জীবনে ইতিবাচক প্রভাব ফেলছে বলে তিনি মনে করেন। ভবিষ্যতে জনগণকে সঙ্গে নিয়ে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
শেষে তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ার প্রত্যাশা জানিয়ে দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করেন।








