Logo

ঈদের শেষ দিনে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়, আনন্দে মেতেছে শিশুরা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ মার্চ, ২০২৬, ১৬:৪২
ঈদের শেষ দিনে চিড়িয়াখানায় উপচে পড়া ভিড়, আনন্দে মেতেছে শিশুরা
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের তৃতীয় দিন এবং টানা ছুটির শেষ দিনে রাজধানীর চিড়িয়াখানায় ভিড় করেছেন অসংখ্য দর্শনার্থী। ঈদের শুরু থেকেই দর্শনার্থীদের যে ঢল নেমেছিল, শেষ দিনেও তার ব্যতিক্রম দেখা যায়নি। সকাল থেকে বিকেল পর্যন্ত পুরো এলাকা ছিল উৎসবমুখর পরিবেশে সরগরম।

বিজ্ঞাপন

দেশের বিভিন্ন জেলা থেকে পরিবার-পরিজন নিয়ে অনেকেই ভোরে রওনা দিয়ে চিড়িয়াখানায় পৌঁছান। শিশুদের আনন্দ দিতে এবং পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে এ স্থানটিকেই বেছে নিয়েছেন তারা।

প্রধান ফটক থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে দেখা যায় দর্শনার্থীদের। ভেতরে প্রবেশের পর বাঘ, সিংহ, হাতি, জিরাফ, হরিণ ও বানরসহ বিভিন্ন প্রাণীর খাঁচার সামনে ছিল উপচে পড়া ভিড়। শিশুদের কৌতূহলী দৃষ্টি, প্রাণীদের চলাফেরা দেখা এবং নানা প্রশ্নে মুখর ছিল চারপাশ।

বিজ্ঞাপন

অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন। পরিবারের সঙ্গে স্মৃতিময় মুহূর্ত ধরে রাখতে গ্রুপ ছবি তোলা, শিশুদের হাসিমাখা মুখ ক্যামেরাবন্দি করা—সব মিলিয়ে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।

চিড়িয়াখানার ভেতরের শিশুপার্কটিও ছিল শিশুদের প্রধান আকর্ষণ। মিনি ট্রেন, দোলনা ও বিভিন্ন রাইডে চড়তে দীর্ঘ লাইনে অপেক্ষা করলেও শিশুদের উচ্ছ্বাসে কোনো ভাটা পড়েনি।

বিজ্ঞাপন

দর্শনার্থী মাহমুদুল হাসান জানান, ঈদের শেষ দিনে সন্তানদের নিয়ে ঘুরতে এসেছেন। ভিড় কিছুটা বেশি হলেও শিশুদের আনন্দই তার কাছে বড় বিষয়। আরেক দর্শনার্থী সুমাইয়া রহমান বলেন, বইয়ের বাইরে বাস্তবে প্রাণী দেখানোর জন্যই শিশুদের এখানে আনা হয়েছে, এতে তাদের শেখার সুযোগ তৈরি হয়। রাশেদা বেগম বলেন, শিশুপার্কে শিশুদের আনন্দই আজকের সবচেয়ে বড় প্রাপ্তি।

তবে অতিরিক্ত ভিড়ের কারণে কিছুটা ভোগান্তির কথাও জানান অনেকেই। টিকিট সংগ্রহে দীর্ঘ অপেক্ষা, ভেতরে চলাচলে চাপ এবং খাবারের দোকানগুলোতে ভিড় থাকায় অসুবিধায় পড়তে হয়েছে দর্শনার্থীদের। বসার জায়গা সংকটেও ভুগেছেন অনেকে।

চিড়িয়াখানার পরিচালক ডা. মো. রফিকুল ইসলাম তালুকদার জানান, ঈদের দিন প্রায় ৮০ হাজার দর্শনার্থী এসেছিলেন। দ্বিতীয় দিনে তা বেড়ে প্রায় এক লাখ ৮০-৯০ হাজারে পৌঁছায়। শেষ দিনেও প্রায় দেড় লাখ মানুষ চিড়িয়াখানায় ভিড় করেছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD