সামনে চ্যালেঞ্জিং সময়, বাড়তে পারে জ্বালানি ও নিত্যপণ্যের দাম

দেশের সামনে অর্থনৈতিকভাবে কঠিন সময় আসতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি এবং চলমান যুদ্ধের প্রভাব দেশের অর্থনীতিতে পড়ছে, যার কারণে ভবিষ্যতে জ্বালানি তেলসহ বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে।
বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে নেহা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, বিশ্বব্যাপী অস্থিরতার কারণে তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে, যা বাজারে মূল্যবৃদ্ধির কারণ হতে পারে। তবে পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধারণ করে এগিয়ে যেতে হবে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
মির্জা ফখরুল বলেন, জ্বালানি সংকট বা অন্যান্য সমস্যাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। পেট্রোল পাম্প বা সরকারি সম্পদে হামলার মতো কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়ার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, নেহা নদী পুনঃখনন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি বা অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। খাল খননের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, মাছ চাষ ও হাঁস পালনের সুযোগ সৃষ্টি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে প্রকল্পের অর্থ যথাযথভাবে ব্যয় নিশ্চিত করার নির্দেশনা দেন।
রাজনৈতিক বক্তব্যে তিনি বলেন, ধর্মকে ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ নেই। দেশের মানুষ ধর্মপ্রাণ হলেও তারা ধর্মের নামে অপব্যবহার পছন্দ করে না। সৎভাবে কাজ করা এবং নৈতিকতার মধ্যে থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
কৃষি খাতের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সাম্প্রতিক ঝড়-বৃষ্টির কারণে গম ও আলুর ক্ষতি হয়েছে, যা কৃষকদের জন্য উদ্বেগের বিষয়। কৃষকদের সহায়তায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া পরিবারভিত্তিক সহায়তা কর্মসূচির আওতায় কার্ড বিতরণের মাধ্যমে নারীদের সহায়তা দেওয়া হবে।
তিনি আরও জানান, দেশের বিভিন্ন এলাকায় বড় পরিসরে খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে কৃষি ও পরিবেশ ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। এছাড়া জেলা প্রশাসক ইসরাত ফারজানা, পুলিশ সুপার বেলল হোসেনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








