ঈদের ছুটি শেষে মঙ্গলবার খুলছে ব্যাংক-অফিস-আদালত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে সোমবার (২৩ মার্চ)। ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান ও শেয়ারবাজার।
বিজ্ঞাপন
গত শনিবার (২১ মার্চ) সারা দেশে ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত মোট সাত দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।
ছুটি শেষে কর্মজীবীরা মঙ্গলবার থেকে কর্মস্থলে ফিরবেন। একই সঙ্গে চালু হবে সরকারি-বেসরকারি অফিস, আর্থিক প্রতিষ্ঠান ও পুঁজিবাজারের কার্যক্রম।
বিজ্ঞাপন
তবে ঈদের ছুটির পরপরই ২৬ মার্চ স্বাধীনতা দিবস থাকায় অনেকেই ২৪ ও ২৫ মার্চ ঐচ্ছিক ছুটি নিয়েছেন। এরপর ২৭ ও ২৮ মার্চ (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায় অনেকের ছুটি দীর্ঘায়িত হচ্ছে। ফলে কেউ কেউ ১৭ মার্চ থেকে টানা ২৮ মার্চ পর্যন্ত ছুটি উপভোগ করে কর্মস্থলে ফিরবেন।
এ কারণে অফিস-আদালতে পুরোপুরি কর্মচাঞ্চল্য ফিরে পেতে কিছুটা সময় লাগতে পারে। ধারণা করা হচ্ছে, চলতি সপ্তাহজুড়ে ধীরগতিতে কাজ চলবে এবং আগামী সপ্তাহে স্বাভাবিক গতি ফিরে আসবে।
আগের বছরগুলোর অভিজ্ঞতায় দেখা গেছে, ঈদের পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় কাজের চাপ তুলনামূলক কম থাকে। সহকর্মীদের মধ্যে শুভেচ্ছা বিনিময়েই বেশি সময় কেটে যায়। একইভাবে ব্যাংক খাতেও জরুরি প্রয়োজন ছাড়া লেনদেন কম হয়ে থাকে।
বিজ্ঞাপন
অন্যদিকে, সংবাদপত্র সংশ্লিষ্ট সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরাও ঈদ উপলক্ষে ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি কাটিয়েছেন। তাদের এই ছুটিও সোমবার শেষ হচ্ছে।








