ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, ট্রেন বিলম্বে ছাড়ার অভিযোগ

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষ করে কর্মব্যস্ত রাজধানীতে ফিরতে শুরু করেছেন মানুষ। টানা সাত দিনের ছুটি শেষে অনেকেই পরিবার-পরিজন নিয়ে আগেভাগেই ঢাকায় ফিরছেন।
বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা যায়, দেশের বিভিন্ন জেলা থেকে আসা ট্রেনগুলোতে যাত্রীদের উল্লেখযোগ্য ভিড় রয়েছে। অধিকাংশ যাত্রী পরিবারসহ ফিরলেও কেউ কেউ কর্মস্থলে যোগ দিতে একাই ফিরছেন।
কক্সবাজার থেকে ‘পর্যটক এক্সপ্রেস’ ট্রেনে ঢাকায় ফেরা আজিজুর রহমান জানান, ছুটি শেষে মঙ্গলবার থেকেই তার কর্মস্থল খোলা। সময়মতো যোগ দিতে আগের দিনই পরিবারসহ ঢাকায় ফিরে এসেছেন, যাতে শেষ মুহূর্তের চাপ এড়ানো যায়।
বিজ্ঞাপন
তবে যাত্রীদের অভিযোগ, ঈদের আগে ট্রেনগুলো নির্ধারিত সময়েই ছেড়ে গেলেও ছুটি শেষে ফেরার পথে প্রায় সব ট্রেনই দেরিতে চলছে। তাদের দাবি, অনেক ট্রেনই শেষ স্টেশন থেকে এক থেকে দুই ঘণ্টা দেরিতে ছেড়ে আসছে।
এ কারণে শুধু ঢাকায় ফেরা যাত্রীরাই নয়, বরং স্টেশন থেকে অন্য গন্তব্যে যাওয়ার অপেক্ষায় থাকা যাত্রীদেরও অতিরিক্ত সময় ধরে অপেক্ষা করতে হচ্ছে।
এদিকে ঈদের তৃতীয় দিনেও রাজধানী ছাড়ার দৃশ্য দেখা গেছে। যারা ঈদের সময় বাড়ি যেতে পারেননি, তারা এখন ছুটি কাটাতে বা পরিবারে সময় দিতে রেলপথে যাত্রা করছেন।
বিজ্ঞাপন
স্টেশন সূত্রে জানা যায়, সকালে চট্টগ্রামগামী ‘তূর্ণা এক্সপ্রেস’ নির্ধারিত সময়ের এক ঘণ্টার বেশি দেরিতে ছেড়েছে। একইভাবে ‘পর্যটক এক্সপ্রেস’ দেরিতে পৌঁছানোয় কক্সবাজারগামী যাত্রীদেরও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে। এছাড়া ‘এগারোসিন্ধু’ ও ‘তিস্তা এক্সপ্রেস’ ট্রেনও নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে স্টেশন ত্যাগ করেছে।
উল্লেখ্য, ঈদের আগে ১৭ মার্চ থেকে ধীরে ধীরে ফাঁকা হতে থাকে রাজধানী। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে দেশের বিভিন্ন অঞ্চলে ছুটে যান হাজারো মানুষ। বাস, ট্রেন ও লঞ্চে ছিল উপচে পড়া ভিড়।
বিজ্ঞাপন
ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) থেকে অফিস-আদালত খুলছে। তাই আগেভাগেই ঢাকায় ফিরে আসায় যাত্রীদের চাপ তুলনামূলক কম থাকায় কিছুটা স্বস্তির কথা জানিয়েছেন অনেকেই।








