তেলের কৃত্রিম সংকট তৈরি করছে অসাধু চক্র: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান জানিয়েছেন, দেশে জ্বালানি ও ভোজ্যতেলের কোনো ঘাটতি নেই। পেট্রোল, অকটেন, ডিজেলসহ সব ধরনের তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে তিনি দাবি করেন। তবে কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ নেওয়ার জন্য মাঝে মাঝে কৃত্রিম সংকট সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকারের সময়ে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। জ্বালানি নিয়ে সাধারণ মানুষ, বিশেষ করে যানবাহন চালকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।
বিজ্ঞাপন
মন্ত্রী আরও বলেন, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। সরকার ক্ষমতায় আসার আগ থেকেই বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়েছে এবং এ হত্যাকাণ্ডসহ সব ধরনের অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী, সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।








