‘এক-এগারোর’ আলোচিত জেনারেল, কে এই মাসুদ উদ্দিন চৌধুরী

আলোচিত ‘এক-এগারো’ পর্বের অন্যতম সেনা কর্মকর্তা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
বিজ্ঞাপন
সোমবার (২৩ মার্চ) গভীর রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির প্রধান শফিকুল ইসলাম। তিনি জানান, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেন মাসুদ উদ্দিন। ১১ জানুয়ারির রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি গুরুতর অপরাধ দমনসংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। ওই কমিটির নেতৃত্বে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালিত হয়।
বিজ্ঞাপন
সে সময় সেনা-সমর্থিত যৌথ বাহিনী শীর্ষ রাজনীতিক ও ব্যবসায়ীদের আটক করে জিজ্ঞাসাবাদ করে এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়। বিভিন্ন মহলে অভিযোগ ছিল, এই অভিযানের সময় আর্থিক অনিয়ম ও চাপে অর্থ আদায়ের ঘটনাও ঘটেছে।
২০০৬ সালের শেষ দিকে রাজনৈতিক অস্থিরতার মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে সংকট তৈরি হয়। বিরোধী দলগুলোর আন্দোলন ও সহিংসতার প্রেক্ষাপটে ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করা হয় এবং স্থগিত করা হয় জাতীয় নির্বাচন। ওই ঘটনাই পরে ‘ওয়ান ইলেভেন’ নামে পরিচিতি পায়।
এই সময় ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকার গঠনে এবং সামরিক প্রভাব প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন কয়েকজন সেনা কর্মকর্তা, যাদের মধ্যে মাসুদ উদ্দিন অন্যতম হিসেবে বিবেচিত।
বিজ্ঞাপন
জরুরি অবস্থার সময় রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে অভিযান, গ্রেফতার ও মামলার পাশাপাশি ‘মাইনাস টু ফর্মুলা’ নামে পরিচিত একটি রাজনৈতিক পুনর্বিন্যাসের চেষ্টা নিয়েও আলোচনা-সমালোচনা ছিল। সেই সময় বিভিন্ন নেতার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগও উঠে, যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়।
সেনাবাহিনীতে দায়িত্ব পালনের পর ২০০৮ সালে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরে ২০১১ সাল পর্যন্ত ওই দায়িত্বে ছিলেন।
বিজ্ঞাপন
অবসরের পর ২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রমের সঙ্গেও যুক্ত ছিলেন।
সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক মামলার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে ছিলেন তিনি। সর্বশেষ গ্রেফতারের মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচিত এই সেনা কর্মকর্তাকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।








