ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফের কর্মব্যস্ততায় প্রধানমন্ত্রী

ঈদুল ফিতরের দীর্ঘ এক সপ্তাহের ছুটি শেষ হতেই আবারও প্রাণ ফিরে পেয়েছে দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। ছুটির আমেজ কাটিয়ে মঙ্গলবার (২৪ মার্চ) প্রথম কার্যদিবসেই সচিবালয়ে নিজ কার্যালয়ে ব্যস্ত সময় পার করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিজ্ঞাপন
সকাল ঠিক ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন তিনি। দিনের শুরুতেই বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নিয়ে সরকারি কাজের গতি ফিরিয়ে আনতে সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায় তাকে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, কর্মদিবসের শুরুতেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। এ সাক্ষাতে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বিজ্ঞাপন
এরপর দেশের অর্থনৈতিক অবস্থা পর্যালোচনায় একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার। একইসঙ্গে রাজধানী ঢাকার দীর্ঘদিনের অন্যতম সমস্যা যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে সকাল ১১টার দিকে একটি বিশেষ সভায় যোগ দেবেন তিনি।
দুপুরে বৈদেশিক কর্মসংস্থান সম্প্রসারণ এবং প্রবাসী কল্যাণ সংক্রান্ত কমিটির অগ্রগতি মূল্যায়ন সভায় অংশ নেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও প্রবাসীদের সুরক্ষা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিজ্ঞাপন
দিনের শেষ ভাগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক কার্যক্রম পর্যালোচনা এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেয়ার পরিকল্পনাও রয়েছে প্রধানমন্ত্রীর।
ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই এমন ধারাবাহিক কর্মসূচির মধ্য দিয়ে প্রশাসনের কার্যক্রমে নতুন গতি আনতে সক্রিয় অবস্থান নিয়েছেন তিনি—এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।








