বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান বাংলাদেশের

বর্ণবাদ ও জাতিগত বৈষম্য দূর করে বিশ্বে সমতা, মানব মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
বিজ্ঞাপন
নিউইয়র্ক স্থানীয় সময় সোমবার (২৩ মার্চ) জাতিসংঘ সাধারণ পরিষদে ‘আন্তর্জাতিক বর্ণবাদ নির্মূল দিবস’ উপলক্ষে আয়োজিত এক স্মারক সভায় এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্ণবাদ ও জাতিগত বৈষম্য প্রতিরোধে সংশ্লিষ্ট সব আন্তর্জাতিক কনভেনশনে বাংলাদেশের স্বাক্ষর রয়েছে এবং দেশটি মানবাধিকার ও সমতার নীতিতে অটলভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
বিজ্ঞাপন
ড. রহমান উল্লেখ করেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত ও নিপীড়নের উদাহরণ হিসেবে তিনি রাখাইন ও গাজার পরিস্থিতির কথা তুলে ধরেন। ডারবান ঘোষণা ও কর্মপরিকল্পনায় যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায় এখনো প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি।
তিনি আরও বলেন, বিশ্বজুড়ে অভিবাসী শ্রমিকদের প্রতি বৈষম্য, শোষণ এবং ন্যায়বিচারে সীমিত প্রবেশাধিকার জাতিসংঘের মূল আদর্শের পরিপন্থি। এসব সমস্যা মোকাবিলায় সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
বিজ্ঞাপন
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের কথা তুলে ধরে জানান, দেশটি মানবাধিকার, সামাজিক সমতা ও মর্যাদা রক্ষায় কাজ করে যাচ্ছে। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন, শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা এবং মানবাধিকার প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ সক্রিয় ভূমিকা রাখছে।
বর্ণবাদমুক্ত বিশ্ব গড়তে শিক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি, অনলাইনে ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধ এবং আন্তঃসাংস্কৃতিক সংলাপ জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।








