Logo

একটা কঠিন সময়ে দায়িত্ব গ্রহণ করেছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
লক্ষ্মীপুর
২৪ মার্চ, ২০২৬, ১৫:৪১
একটা কঠিন সময়ে দায়িত্ব গ্রহণ করেছে সরকার: পানিসম্পদ মন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের বর্তমান আর্থিক পরিস্থিতিকে কঠিন উল্লেখ করে পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পূর্ববর্তী সরকারের সময়ে ব্যাপক লুটপাট ও অর্থ পাচারের ফলে দেশের একাধিক ব্যাংক অচল অবস্থায় পড়েছে। তিনি দাবি করেন, অন্তত ৭ থেকে ৮টি ব্যাংক বর্তমানে কার্যত স্থবির হয়ে রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের প্রায় ১৫ কোটি টাকা একটি বেসরকারি ব্যাংকে আটকে আছে, যা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অর্থ আদৌ ফেরত পাওয়া যাবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, শুধু একটি ব্যাংক নয়—দেশের আরও কয়েকটি ব্যাংক একই ধরনের সংকটে রয়েছে।

মন্ত্রী আরও বলেন, আমাদের সরকার একটি কঠিন সময়ে দায়িত্ব গ্রহণ করেছে। এই পরিস্থিতি মোকাবিলা করা সহজ নয়। এজন্য সবার সম্মিলিত আন্তরিকতা ও সহযোগিতা অত্যন্ত জরুরি।

তিনি মেগা প্রকল্প নিয়ে সমালোচনা করে বলেন, গত বছরগুলোতে নেওয়া অনেক বড় প্রকল্প সাধারণ মানুষের প্রত্যক্ষ উপকারে আসেনি। কিছু প্রকল্প জরুরি হলেও অনেক ক্ষেত্রে ব্যয়ের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়েছে। ১ হাজার কোটি টাকার প্রকল্প ১০ হাজার কোটিতে উন্নীত হয়েছে—এখানে বড় ধরনের অনিয়ম ঘটেছে।

বিজ্ঞাপন

দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও তুলে ধরেন পানিসম্পদ মন্ত্রী। তিনি বলেন, জেলা পরিষদ, পৌরসভা, প্রশাসন কিংবা অন্যান্য সরকারি দপ্তরে কেউ অনিয়মে জড়িত হলে সংশ্লিষ্টদেরই দায় নিতে হবে। সরকার এ বিষয়ে সম্পূর্ণভাবে সচেতন এবং প্রয়োজনে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, জনগণের সমর্থন ও দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে সরকার দায়িত্বে এসেছে। সেই দায়বদ্ধতা থেকেই সুশাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি প্রতিরোধে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD