Logo

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

profile picture
উপজেলা প্রতিনিধি
সাভার, ঢাকা
২৪ মার্চ, ২০২৬, ১৬:১২
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ
ছবি: সংগৃহীত

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং লাখো মানুষের আগমনে মুখর হয়ে উঠতে প্রস্তুত এখন পুরো সৌধ প্রাঙ্গণ।

বিজ্ঞাপন

২৬ মার্চকে সামনে রেখে স্মৃতিসৌধ এলাকায় ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন ও নিরাপত্তা জোরদারের কাজ সম্পন্ন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। দিবসটি ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষের ঢলে মুখরিত হবে এই স্থান, আর ফুলে ফুলে ভরে উঠবে শহীদ বেদী—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।

গণপূর্ত বিভাগের তত্ত্বাবধানে মাসজুড়ে চলা সংস্কার ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমে স্মৃতিসৌধের সবুজ চত্বর নতুন রূপ পেয়েছে। নানা রঙের ফুল ও শোভাবর্ধক গাছ দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা। সিঁড়ি, দেয়াল ও বিভিন্ন স্থাপনায় রঙের প্রলেপ দিয়ে নান্দনিকতা বাড়ানো হয়েছে। পাশাপাশি লেক সংস্কার, পাইপের পানিতে ধোয়া-মোছা এবং আলোকসজ্জার কাজও শেষ পর্যায়ে পৌঁছেছে।

বিজ্ঞাপন

নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। স্মৃতিসৌধ এলাকায় স্থাপন করা হয়েছে একাধিক ওয়াচ টাওয়ার এবং শতাধিক সিসিটিভি ক্যামেরা। পুলিশ কন্ট্রোল রুম থেকে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন থাকবে।

দর্শনার্থীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে স্মৃতিসৌধ পর্যন্ত এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। মহাসড়ক ও আশপাশের এলাকাতেও থাকবে কড়া নজরদারি।

প্রস্তুতির অংশ হিসেবে মার্চের শুরুতে কিছু সময়ের জন্য দর্শনার্থীদের প্রবেশ সীমিত রাখা হয় এবং ১৪ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ সর্বসাধারণের জন্য বন্ধ রাখা হয়েছিল। এই সময়ের মধ্যেই ধোয়া-মোছা, সংস্কার ও সাজসজ্জার কাজ সম্পন্ন করা হয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানিয়েছেন, মাসের শুরু থেকেই শ্রমিকরা নিরলসভাবে কাজ করে সৌধকে নতুন রূপ দিয়েছেন। রংমিস্ত্রি ও নির্মাণশ্রমিকরা জানান, তাদের কাজ প্রায় শেষ, এখন চলছে শেষ মুহূর্তের তদারকি।

গণপূর্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্য এবং বিদেশি কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্মৃতিসৌধে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকেও নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, দর্শনার্থীরা যাতে নির্বিঘ্নে স্মৃতিসৌধে এসে শ্রদ্ধা জানাতে পারেন এবং নিরাপদে ফিরে যেতে পারেন, সেজন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD