পদ্মায় বাসডুবির ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌমন্ত্রী

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট এলাকায় পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথা জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
বিজ্ঞাপন
বুধবার (২৫ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনসহ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
তিনি জানান, দুর্ঘটনার পরপর দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং ডুবুরি দল নিরলসভাবে কাজ করছে। পাশাপাশি ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, সেনাবাহিনী, পুলিশ, নৌপুলিশ ও স্থানীয় প্রশাসন সমন্বিতভাবে উদ্ধার তৎপরতা চালায়।
আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।








