সকাল থেকেই আপন রূপে ঢাকা, সড়কে অফিসগামীদের চাপ

ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবসের টানা ছুটি শেষ হওয়ায় কর্মজীবী মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন। কর্মদিবসের প্রথম দিন সকাল থেকেই রাজধানীর সড়কগুলোতে বেড়েছে যানবাহন ও মানুষের উপস্থিতি, ফিরেছে চেনা ব্যস্ততা।
বিজ্ঞাপন
রোববার (২৯ মার্চ) সকাল থেকে আগারগাঁও, শিশুমেলা, কলেজগেট, শ্যামলী ও কল্যাণপুরসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়—বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের দীর্ঘ অপেক্ষা। গণপরিবহনে অতিরিক্ত ভিড়ের কারণে অনেকেই ঝুঁকি নিয়ে দরজায় ঝুলে যাতায়াত করছেন।
ছুটির দিনের তুলনায় এদিন সড়কে যানবাহনের সংখ্যা কয়েকগুণ বেড়েছে। বিভিন্ন স্থানে ধীরগতির যানজটও চোখে পড়ে। যান চলাচল স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সক্রিয় থাকতে দেখা গেছে। তারা বাসস্ট্যান্ডে শৃঙ্খলা ফেরানো এবং প্রধান সড়কে রিকশা চলাচল নিয়ন্ত্রণে কাজ করছেন।
বিজ্ঞাপন
শ্যামলী এলাকায় বাসের অপেক্ষায় থাকা এক যাত্রী জানান, সকাল থেকে কোনো গাড়িতে উঠতে পারেননি। অধিকাংশ বাসে পা রাখার জায়গা নেই, দরজায় ঝুলেও মানুষ যাতায়াত করছে।
কলেজগেট এলাকায় আরেক চাকরিজীবী বলেন, ছুটির পর কয়েকদিন সড়ক ফাঁকা থাকলেও আজ পুরো চিত্র ভিন্ন। সময়মতো অফিসে পৌঁছানো নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

গুলিস্তান এলাকায় এক যাত্রী জানান, ফাঁকা বাসের অপেক্ষা করলে অফিসে পৌঁছানো সম্ভব নয়, তাই ঝুঁকি নিয়েই যাতায়াত করতে হচ্ছে।
বিজ্ঞাপন
পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, অফিস খুলে যাওয়ায় গ্রাম থেকে মানুষ ঢাকায় ফিরছে, ফলে যাত্রীর চাপ বেড়েছে। একই সঙ্গে সকালেই অধিকাংশ মানুষ বের হওয়ায় বাসগুলোতে অতিরিক্ত ভিড় তৈরি হয়েছে।
দায়িত্বরত এক কর্মকর্তা জানান, সড়কে যানজট কমাতে বাসগুলোকে নির্দিষ্ট স্থানে যাত্রী ওঠানামা করানো হচ্ছে এবং কোথাও যাতে গাড়ি দাঁড়িয়ে না থাকে, সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ঈদুল ফিতরকে ঘিরে টানা ছুটির কারণে দীর্ঘ সময় ঢাকার সড়ক ফাঁকা ছিল। ছুটি শেষে কর্মজীবী মানুষ ধাপে ধাপে ফিরতে শুরু করায় আবারও ব্যস্ত হয়ে উঠেছে রাজধানী।








