বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হতে পারে ভারতীয় টুরিস্ট ভিসা

বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতের টুরিস্ট ভিসা শিগগিরই চালু হতে পারে বলে জানিয়েছেন রাজশাহীতে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার মনোজ কুমার। শনিবার (২৮ মার্চ) পাবনার হিমায়েতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রম পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
বিজ্ঞাপন
তিনি বলেন, ভারতীয় টুরিস্ট ভিসা চালুর বিষয়ে প্রয়োজনীয় প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে এবং খুব শিগগিরই এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি দেখা যেতে পারে।
ভিসা আবেদনকারীদের উদ্দেশ্যে তিনি সতর্কবার্তা দিয়ে বলেন, সরকার নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত অর্থ ব্যয় করা উচিত নয়। অনেক সময় মধ্যস্বত্বভোগীদের কারণে আবেদনকারীরা প্রতারিত হন—এ বিষয়েও সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, আবেদনকারীদের নিজ নিজ ভিসা ফরম নিজেরাই পূরণ করা এবং নির্ধারিত নিয়ম মেনে ফি জমা দেওয়াই সবচেয়ে নিরাপদ ও সঠিক পদ্ধতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ কেন্দ্রীয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি প্রাণশঙ্কর দাশ এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক ড. নরেশ চন্দ্র মধু। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক তাপস চন্দ্র বর্মন।
অনুষ্ঠান শেষে ভারতের সহকারী হাইকমিশনার আশ্রমের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি পাবনা শহরের কালাচাঁদপাড়ায় অবস্থিত শ্রী শ্রী মহাদেব মন্দির (শিববাড়ী) পরিদর্শন করেন এবং সেখানে মন্দির কমিটির পক্ষ থেকে তাকে স্বাগত জানানো হয়।








