Logo

৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩১ মার্চ, ২০২৬, ১৭:০০
৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে: পানিসম্পদ মন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশব্যাপী পানি ব্যবস্থাপনা উন্নয়ন ও বন্যা-খরা পরিস্থিতি মোকাবিলায় আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর পান্থপথে পানি ভবনে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মন্ত্রী জানান, বন্যা নিয়ন্ত্রণে অতীতে খাল খনন কর্মসূচির সফলতা রয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান সরকার ইতোমধ্যে দেশের ৫৪ জেলায় খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছে। এর আওতায় প্রথম ধাপে ১৮০ দিনে ১২০০ কিলোমিটার খাল খননের কাজ সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, খাল খননের ক্ষেত্রে সঠিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। পানিকে শুধু জীবনের উৎস নয়, বরং সমতা ও ন্যায্যতার প্রতীক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সবার জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানির নিশ্চয়তা নিশ্চিত করতে একটি টেকসই ও ন্যায়ভিত্তিক পরিকল্পনা জরুরি।

পানিসম্পদ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, একদিকে বন্যা মানুষের জীবনে দুর্ভোগ ডেকে আনে, অন্যদিকে খরার সময় পানির অভাবে জীবিকা ব্যাহত হয়। ২০২৪ সালের বন্যায় সিলেট, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ব্যাপক জলাবদ্ধতার কথা স্মরণ করিয়ে দেন তিনি।

বিজ্ঞাপন

এ সময় পানির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন মন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলোকে সমন্বিত পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, পানি দেশের আর্থসামাজিক উন্নয়নের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। উত্তরাঞ্চলকে মরুকরণ এবং দক্ষিণাঞ্চলকে লবণাক্ততার ঝুঁকি থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পানির নিশ্চয়তায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

বিজ্ঞাপন

পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. এ কে এম শাহাবুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট পানি ও জলবায়ু বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। এছাড়া অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD