তেলের সংকট নেই, কৃষকদের সমস্যা হবে না: পানি সম্পদ প্রতিমন্ত্রী

বৈশ্বিক অস্থিরতার মধ্যেও দেশে জ্বালানি ঘাটতি নেই এবং কৃষকদের সেচ কার্যক্রমে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বিজ্ঞাপন
শুক্রবার ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ফসল উৎপাদনের গুরুত্বপূর্ণ এই সময়ে কৃষকদের নিরবচ্ছিন্নভাবে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার সক্রিয় রয়েছে। বিশেষ করে পাটসহ মৌসুমি ফসলের বিষয়টি বিবেচনায় রেখে সেচে যেন কোনো বিঘ্ন না ঘটে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানির দাম বেড়েছে এবং অনেক দেশে সংকট দেখা দিয়েছে। তবে বাংলাদেশে এখনো তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। আগের তুলনায় বিভিন্ন জেলা ও পাম্পে আরও বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
এ সময় প্রতিমন্ত্রী সতর্ক করে বলেন, গরম মৌসুমে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নদীভাঙন ও বর্ষা মৌসুমের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আসন্ন বর্ষায় যাতে কোনো এলাকা বন্যা বা ভাঙনের ঝুঁকিতে না পড়ে, সে লক্ষ্যে কাজ চলছে।
বিজ্ঞাপন
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








