লাইসেন্স ছাড়া যান চালালে কঠোর শাস্তি ঘোষণা

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ড্রাইভিং লাইসেন্স ছাড়া বা লাইসেন্সে নির্ধারিত শ্রেণির বাইরে যান চালানোর ক্ষেত্রে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে। এ ধরনের লঙ্ঘন করলে কারাদণ্ড, অর্থদণ্ড বা উভয়ই ভোগ করতে হতে পারে।
বিজ্ঞাপন
বিআরটিএ শুক্রবার (৩ এপ্রিল) সদর কার্যালয় থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সড়ক পরিবহন আইন-২০১৮ এর ধারা ৪(১) অনুযায়ী বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া বা মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ব্যবহার করে কোনো মোটরযান চালানো, বা চালানোর অনুমতি দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ। একই আইনের ধারা ৪(২) অনুযায়ী, লাইসেন্সে উল্লেখিত শ্রেণির বাইরে যান চালানোও দণ্ডনীয় অপরাধ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ধারা ৬৬ অনুযায়ী এসব লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড, সর্বোচ্চ ২৫ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত হওয়ার বিধান রয়েছে। লাইসেন্সবিহীন বা ভুল ক্যাটাগরির যান চালানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির লাইসেন্স স্থগিত বা বাতিলও হতে পারে।
বিজ্ঞাপন
বিআরটিএ বলেছে, সাম্প্রতিক সময়ে অনেক চালক লাইসেন্স ছাড়া বা নির্ধারিত ক্যাটাগরির বাইরে যান চালাচ্ছেন। বেপরোয়া গতি ও অপ্রকৃতিস্থ অবস্থায় গাড়ি চালানোর কারণে সড়কে দুর্ঘটনা বেড়ে গেছে, যা প্রাণহানি ও স্থায়ী পঙ্গুত্বের কারণ হয়ে দাঁড়াচ্ছে।
অতএব, সকল চালককে বৈধ লাইসেন্স ছাড়া বা নির্ধারিত ক্যাটাগরির বাইরে যান না চালানোর জন্য সতর্ক করা হয়েছে। পাশাপাশি পরিবহন মালিকদেরও তাদের চালকদের বিষয়ে নজরদারি ও প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের আহ্বান জানানো হয়েছে।








