Logo

দোকানপাট-শপিংমল খোলা রাখার নতুন সময়সীমা ঘোষণা

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৫:৩৮
দোকানপাট-শপিংমল খোলা রাখার নতুন সময়সীমা ঘোষণা
ফাইল ছবি

জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন এনে দোকানপাট, শপিংমল ও বিপণিবিতান খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

বিজ্ঞাপন

রবিবার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম আমিত।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আগামী তিন মাসের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

প্রতিমন্ত্রী আরও বলেন, পূর্বে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট বন্ধ রাখার যে সিদ্ধান্ত ছিল, তা সংশোধন করে এখন সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হয়েছে। ব্যবসায়ী সংগঠনের আবেদনের প্রেক্ষিতেই এই পরিবর্তন আনা হয়েছে।

জ্বালানি মন্ত্রণালয়ের তথ্যমতে, এপ্রিল মাসের জন্য প্রয়োজনীয় জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। পাশাপাশি তিন মাসের পেট্রোল ও অকটেন সংরক্ষণ নিশ্চিত করা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

এর আগে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিজনিত জ্বালানি সংকট মোকাবিলায় ২ এপ্রিল অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সন্ধ্যা ৬টার পর দোকানপাট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

বিজ্ঞাপন

তবে ব্যবসা পরিচালনার সময় বাড়ানোর দাবিতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা প্রধানমন্ত্রীর কাছে পুনর্বিবেচনার অনুরোধ জানান। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই সরকার সময়সীমা এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

নতুন এ সিদ্ধান্তে ব্যবসায়ীদের স্বস্তি ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা, পাশাপাশি জ্বালানি ব্যবহারে ভারসাম্য বজায় রাখার দিকেও নজর রাখার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD