Logo

দ্রব্যমূল্য বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই: অর্থমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ এপ্রিল, ২০২৬, ১৬:০৪
দ্রব্যমূল্য বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই: অর্থমন্ত্রী
আমির খসরু মাহমুদ চৌধুরী | ফাইল ছবি

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব ধীরে ধীরে দেশের অর্থনীতিতে স্পষ্ট হয়ে উঠছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই পরিস্থিতির কারণে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

বিজ্ঞাপন

রবিবার (৫ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত ‘ন্যাশনাল মাল্টিস্টেকহোল্ডার কনসাল্টেশন কর্মশালা’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, বর্তমান জ্বালানি সংকট কেবল একটি দেশের সমস্যা নয়; এটি বৈশ্বিক বাস্তবতার অংশ। বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়ছে উৎপাদন ব্যয়, পরিবহন খরচ এবং সরবরাহ ব্যবস্থার ওপর। এর ফলে শুধু জ্বালানি নয়, খাদ্যপণ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ইতোমধ্যে জ্বালানির দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে।

উদাহরণ হিসেবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রে তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে এবং শ্রীলঙ্কায় তা প্রায় ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে এখনও জ্বালানির দাম সমন্বয় করা হয়নি, তবে এই পরিস্থিতি কতদিন ধরে রাখা সম্ভব হবে তা অনিশ্চিত।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, একটি নির্বাচিত সরকার হিসেবে জনগণের ওপর অতিরিক্ত চাপ না দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে দীর্ঘমেয়াদে ভর্তুকির চাপ বহন করা কঠিন হয়ে উঠতে পারে। যদি সরকারি তহবিলে চাপ বাড়তেই থাকে, তাহলে এর প্রভাব শেষ পর্যন্ত সাধারণ মানুষের ওপরই পড়বে।

তিনি আরও বলেন, বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে ভবিষ্যতে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সরকারের লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে জনগণের স্বার্থ সংরক্ষণ করা, তবে বৈশ্বিক বাজার পরিস্থিতির কারণে চ্যালেঞ্জ বাড়ছে বলেও স্বীকার করেন তিনি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD