Logo

সরকারের প্রথম একনেক বৈঠক শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১৩:১০
সরকারের প্রথম একনেক বৈঠক শুরু, অনুমোদনের অপেক্ষায় ১৭ প্রকল্প
ছবি: সংগৃহীত

বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠক শুরু হয়েছে। এই বৈঠকে মোট ১৩ হাজার ১৬১ কোটি টাকা ব্যয়ে ১৭টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে, যা সরকারের ভবিষ্যৎ উন্নয়ন অগ্রাধিকারের ইঙ্গিত দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এই গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নতুন সরকারের জন্য এটি প্রথম একনেক সভা হওয়ায় প্রশাসনিক ও অর্থনৈতিক দিক থেকে এর গুরুত্ব অনেক বেশি।

পরিকল্পনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে এই বৈঠকে ১৮টি প্রকল্প উপস্থাপনের কথা থাকলেও শেষ পর্যন্ত ১৭টি প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ৯টি নতুন প্রকল্প রয়েছে। পাশাপাশি পরিকল্পনা মন্ত্রীর অনুমোদনপ্রাপ্ত আরও ৩৩টি প্রকল্পও বৈঠকে উপস্থাপন করা হচ্ছে।

বিজ্ঞাপন

তবে আলোচিত বড় প্রকল্প ‘পদ্মা ব্যারাজ’ এই তালিকা থেকে বাদ পড়েছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রস্তাবিত এই প্রকল্পটির উদ্দেশ্য ছিল ভারতের ফারাক্কা বাঁধের প্রভাব মোকাবিলা করা। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছিল ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার বেশি।

এবারের একনেক বৈঠকে যে প্রকল্পগুলো আলোচনায় রয়েছে, তার মধ্যে রয়েছে করতোয়া নদী সিস্টেম উন্নয়ন (বগুড়া ও গাইবান্ধা), ময়মনসিংহ অঞ্চলে জলবায়ু সহনশীল সেতু নির্মাণ, রাজধানীতে জরুরি পানি সরবরাহ ব্যবস্থা জোরদার, সর্বজনীন সামাজিক অবকাঠামো নির্মাণ, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, সীমান্ত সড়ক উন্নয়ন এবং দেশের ৮টি বিভাগে শিশু ও মাতৃস্বাস্থ্য উন্নয়নে মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণসহ অংশীদারিত্বমূলক উন্নয়ন উদ্যোগ।

বিজ্ঞাপন

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, চূড়ান্ত তালিকার ১৭টি প্রকল্পের মধ্যে নদী, পানি ও জলবায়ু সংশ্লিষ্ট রয়েছে ৪টি। অবকাঠামো উন্নয়ন প্রকল্প রয়েছে ৫টি, সড়ক উন্নয়ন ও নির্মাণ সম্পর্কিত ৩টি, স্বাস্থ্য খাতে মেডিকেল ও ডেন্টাল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্প রয়েছে ২টি, প্রযুক্তি উন্নয়ন খাতে ২টি এবং অংশীদারিত্বমূলক উন্নয়ন সংক্রান্ত রয়েছে ১টি প্রকল্প।

অর্থনীতিবিদদের মতে, নতুন সরকারের প্রথম একনেক বৈঠক শুধু প্রকল্প অনুমোদনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সরকারের উন্নয়ন দর্শন ও অগ্রাধিকারের একটি গুরুত্বপূর্ণ সূচক। তারা মনে করছেন, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর তদারকি নিশ্চিত করা না গেলে কাঙ্ক্ষিত সুফল পাওয়া কঠিন হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD