Logo

সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ এপ্রিল, ২০২৬, ১৪:৩৩
সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, ভোটগ্রহণ ১২ মে
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনী তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই আসনগুলোর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ মে।

বিজ্ঞাপন

সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত ১১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচন ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করা হবে। কমিশন আশা করছে, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে আয়োজন করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

আখতার আহমেদ আরও জানান, শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচন আগামী ৯ তারিখ অনুষ্ঠিত হবে। এ দুটি আসনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কমিশনের প্রতিনিধিরা সম্প্রতি সংশ্লিষ্ট এলাকায় সফর করেছেন। সেখানে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা হয়েছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে কমিশন আশ্বস্ত যে নির্বাচনকে ঘিরে উদ্বেগের মতো কোনো পরিবেশ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সংশ্লিষ্ট বাহিনী সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, কোথাও বড় ধরনের ঝুঁকি বা অস্থিতিশীলতার আশঙ্কা দেখা যায়নি।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের এই কর্মকর্তা আরও বলেন, আসন্ন নির্বাচন কোনোভাবেই গুরুত্বের দিক থেকে কম নয়। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনের লক্ষ্যে কমিশন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট করে জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এ সভায় কোনো আলোচনা হয়নি। সংরক্ষিত নারী আসনের নির্বাচনই ছিল আলোচনার মূল বিষয়। এছাড়া স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সূচিও নির্ধারণ করা হয়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD