সংসদে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (সংশোধন) বিল ২০২৬ পাস

জাতীয় সংসদে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) সংশোধন আইন-২০২৬ বিল পাস হয়েছে। নতুন এই আইনের মাধ্যমে ‘গুম’কে মানবতাবিরোধী অপরাধের আওতায় আনা হয়েছে। ফলে এখন থেকে গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করা যাবে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের অষ্টম কার্যদিবসে বিলটি পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি সংসদে বলেন, সরকার গুমের বিচার চায় না—এমন অভিযোগ সঠিক নয়। তার ভাষায়, যারা এ ধরনের কথা বলছেন, তাদের নতুন আইনটি পড়ে দেখা উচিত।
বিজ্ঞাপন
আইনমন্ত্রী আরও বলেন, সরকার গুমের মতো গুরুতর অপরাধের বিচার নিশ্চিতে দৃঢ় অবস্থানে রয়েছে। সংশোধিত আইনের ফলে এখন থেকে গুমের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারযোগ্য হবে। তিনি জানান, মানবতাবিরোধী অপরাধের তালিকায় গুমকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আইনের পরিধি আরও বিস্তৃত হয়েছে।
নতুন সংশোধনের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুধু যুদ্ধাপরাধ বা গণহত্যার মতো অপরাধই নয়, গুমের ঘটনাও বিচার করতে পারবে। সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে দেশে দীর্ঘদিন ধরে আলোচিত গুমের ঘটনাগুলোর বিচারিক প্রক্রিয়া নতুন মাত্রা পাবে।
বিজ্ঞাপন
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এই আইনের উদ্দেশ্য হলো মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচারের পথ সহজ করা।
এর আগে সোমবার জাতীয় সংসদে ভোটার তালিকা সংশোধন বিল ২০২৬ পাস হয়েছিল। এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী বিল পাসের মাধ্যমে সংসদের চলতি অধিবেশনে আরেকটি গুরুত্বপূর্ণ আইন অনুমোদন পেল।








