আবারও বাড়ল জেট ফুয়েলের দাম

বিমানে ব্যবহৃত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয়েছে। এপ্রিল মাসের জন্য প্রতি লিটার তেলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিজ্ঞাপন
বিইআরসি সচিব মো. নজরুল ইসলাম সরকারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।
নতুন নির্ধারিত দামে দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২ টাকা ২৯ পয়সা থেকে বাড়িয়ে ২২৭ টাকা ০৮ পয়সা করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার দাম ১.৩২১৬ ডলার থেকে বেড়ে ১.৪৮০৬ ডলার হয়েছে।
এর আগে ২৪ মার্চ অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছিল। একই সময়ে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার করা হয়েছিল।
বিজ্ঞাপন
দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইটে এই জ্বালানি ঢাকা, চট্টগ্রাম, সিলেট, যশোর ও কক্সবাজারসহ সকল বিমানবন্দরে সরবরাহ করা হয়। ভবিষ্যতে চালু হওয়া নতুন বিমানবন্দরগুলোতেও এই মূল্য প্রযোজ্য হবে।








