৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ প্রার্থী

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) পিএসসি আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করে।
বিজ্ঞাপন
এর আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষার ফল মাত্র ৯ দিনের মধ্যে, অর্থাৎ ২৮ সেপ্টেম্বর প্রকাশ করা হয়েছিল।
আরও পড়ুন: আবারও বাড়ল জেট ফুয়েলের দাম
লিখিত পরীক্ষার কার্যক্রম শুরু হয় গত ২৭ নভেম্বর থেকে। দেশের আটটি বিভাগীয় শহর—ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণ ক্যাডারের পাশাপাশি কারিগরি ও পেশাগত ক্যাডারের বিভিন্ন বিষয়ের লিখিত পরীক্ষা পর্যায়ক্রমে ১৮ ডিসেম্বর পর্যন্ত চলে।
বিজ্ঞাপন
এ বিসিএসের মাধ্যমে মোট ৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে ২০২৪ সালের ২৮ নভেম্বর প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
তবে আবেদন প্রক্রিয়া শুরু নিয়ে কিছু পরিবর্তন আনা হয়েছিল। প্রাথমিকভাবে ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরুর কথা থাকলেও ৯ ডিসেম্বর তা স্থগিত করা হয়। পরবর্তীতে একই বছরের ২৬ ডিসেম্বর সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করে পুনরায় আবেদন কার্যক্রম শুরু করা হয়।
বিজ্ঞাপন
এখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপ হিসেবে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পিএসসি শিগগিরই ভাইভা পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল দেখতে এখানে ক্লিক করুন।








