Logo

নতুন রূপে জাতীয় তথ্য বাতায়ন, চালু হলো ‘ফ্রেমওয়ার্ক ২.০’

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১৮:৩১
নতুন রূপে জাতীয় তথ্য বাতায়ন, চালু হলো ‘ফ্রেমওয়ার্ক ২.০’
ছবি: সংগৃহীত

সরকারি সেবাকে আরও আধুনিক, কার্যকর ও নিরাপদ করতে জাতীয় তথ্য বাতায়নের (Bangladesh.gov.bd) নতুন সংস্করণ চালু করা হয়েছে। ‘ফ্রেমওয়ার্ক ২.০’ নামে পরিচিত এই সংস্করণটি বাস্তবায়ন করেছে অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই), যা দেশের ডিজিটাল সেবা ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২১ ডিসেম্বর থেকে ধাপে ধাপে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠানে এই নতুন সংস্করণ বাস্তবায়ন শুরু হয়। মন্ত্রিপরিষদ বিভাগ ও তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত এই উদ্যোগে ইতোমধ্যে দেশের প্রায় ৫২ হাজার সরকারি দপ্তর যুক্ত হয়েছে।

বিজ্ঞাপন

এর মধ্যে ৩৫ হাজার ৫০০টিরও বেশি সরকারি ওয়েবসাইট নতুন প্ল্যাটফর্মে স্থানান্তরিত হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের সব অধিদপ্তর, বিভাগ, জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের সরকারি ওয়েবসাইট এই একক প্ল্যাটফর্মের আওতায় আনা হবে।

এটুআইয়ের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহা. আব্দুর রফিক জানান, নতুন সংস্করণের কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সফটওয়্যার ও হার্ডওয়্যার কোয়ালিটি টেস্টিং এবং সার্টিফিকেশন সেন্টার (SQTSC) এর মূল্যায়ন সম্পন্ন হয়েছে এবং প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক সনদ দিয়েছে।

তিনি বলেন, এই উন্নত প্ল্যাটফর্ম দেশের ডিজিটাল সেবা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। এর ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে এবং নাগরিকদের জন্য সরকারি তথ্যপ্রাপ্তি আরও সহজ হবে।

বিজ্ঞাপন

এটুআইয়ের জ্যেষ্ঠ পরামর্শক (উপসচিব) ফজলুল জাহিদ জানান, নতুন সংস্করণের মাধ্যমে নাগরিকরা ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবার বিস্তারিত তথ্য জানতে পারবেন। যেমন—সেবা গ্রহণের পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র, সংশ্লিষ্ট দপ্তরের ঠিকানা ইত্যাদি। পাশাপাশি টেন্ডার বিজ্ঞপ্তি, চাকরির খবর, সিটিজেন চার্টারসহ নানা গুরুত্বপূর্ণ তথ্যও সহজেই পাওয়া যাবে।

প্রযুক্তিগত দিক থেকে নতুন সংস্করণে যুক্ত হয়েছে আধুনিক ক্লাউড ও মাইক্রোসার্ভিসভিত্তিক স্থাপনা, যা প্ল্যাটফর্মটিকে করেছে আরও দ্রুত, স্থিতিশীল এবং ভবিষ্যতে সম্প্রসারণের জন্য উপযোগী। এছাড়া নিরাপত্তা জোরদার করতে সিঙ্গেল সাইন-অন (SSO), টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) এবং এসএসএল এনক্রিপশনের মতো উন্নত প্রযুক্তি সংযোজন করা হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের মতে, জাতীয় তথ্য বাতায়নের এই নতুন সংস্করণ দেশের ডিজিটাল রূপান্তর প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করবে এবং নাগরিক সেবাকে সহজলভ্য করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD