বাংলাদেশিদের ভিসা আবেদন নিয়ে ১৩ পশ্চিমা দেশের সতর্কবার্তা

বাংলাদেশি নাগরিকদের ভিসা আবেদন প্রক্রিয়া ঘিরে কঠোর সতর্কতা জারি করেছে বিশ্বের ১৩টি পশ্চিমা দেশ। আবেদনকারীদের নির্ধারিত সরকারি নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে এসব দেশের ঢাকাস্থ দূতাবাসগুলো।
বিজ্ঞাপন
বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, ভিসা, পারমিটসহ সব ধরনের কনস্যুলার সেবা গ্রহণের ক্ষেত্রে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট দেশের নির্ধারিত দাপ্তরিক পদ্ধতি অনুসরণ করতে হবে। কোনো ধরনের শর্টকাট বা অনিয়মের আশ্রয় না নিতে বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
বিবৃতিতে জাল বা ভুয়া কাগজপত্র ব্যবহার থেকে বিরত থাকার পাশাপাশি অবিশ্বস্ত কিংবা লাইসেন্সবিহীন এজেন্টের সহায়তা না নেওয়ার পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে অননুমোদিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেন না করার জন্যও আবেদনকারীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
এ ধরনের অনিয়মের ফলে ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হতে পারে, আর্থিক ক্ষতির সম্মুখীন হওয়ার ঝুঁকি থাকে, এমনকি গন্তব্য দেশের সীমান্তে প্রবেশে বাধা এবং গুরুতর আইনি জটিলতার মুখে পড়ার আশঙ্কাও রয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
দূতাবাসগুলো স্পষ্ট করে জানিয়েছে, কোনো দেশের মিশন বা দূতাবাসের সঙ্গে কোনো এজেন্টের আনুষ্ঠানিক সম্পর্ক নেই। তাই বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার দাবি করা মধ্যস্থতাকারীদের কথায় বিশ্বাস না করার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
আবেদনকারীদের যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেল ব্যবহার করে ভিসা সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। এতে আবেদন প্রক্রিয়া আরও নিরাপদ, স্বচ্ছ ও সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে বলে মনে করছে সংশ্লিষ্ট দেশগুলো।
যৌথ এই বিবৃতিতে স্বাক্ষর করেছে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড এবং অস্ট্রেলিয়া।








