Logo

হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ এপ্রিল, ২০২৬, ২০:৩৯
হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাবে ভারত
ছবি: সংগৃহীত

বাংলাদেশে বহুল আলোচিত শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই অভিযুক্তকে ফেরত পাঠাতে নীতিগতভাবে সম্মত হয়েছে ভারত। বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিজ্ঞাপন

বুধবার (৮ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, নয়াদিল্লিতে অনুষ্ঠিত একাধিক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং তেল ও প্রাকৃতিক গ্যাসমন্ত্রী হরদীপ পুরীর সঙ্গে বৈঠক করেন।

এসব বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এর আগে মঙ্গলবার (৭ এপ্রিল) দিল্লিতে পৌঁছানোর পর সন্ধ্যায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও বৈঠক করেন খলিলুর রহমান ও রিয়াজ হামিদুল্লাহ।

বিবৃতিতে বলা হয়, বৈঠকগুলোতে দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়েও আলোচনা হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকার ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিকে সামনে রেখে পারস্পরিক আস্থা, সম্মান ও উভয়পক্ষের স্বার্থের ভিত্তিতে পররাষ্ট্রনীতি পরিচালনা করবে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, শহীদ ওসমান হাদির সন্দেহভাজন হত্যাকারীদের গ্রেপ্তারে সহযোগিতার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানানো হয়েছে। উভয় দেশ সম্মত হয়েছে যে, বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির নিয়ম মেনে গ্রেপ্তার হওয়া আসামিদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার অনুরোধও পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বৈঠকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ করে চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নেওয়া হচ্ছে, যা আগামী সপ্তাহগুলোতে বাস্তবায়ন হতে পারে।

অন্যদিকে, ভারত থেকে বাংলাদেশে ডিজেল সরবরাহের জন্য ধন্যবাদ জানিয়ে সরবরাহ বাড়ানোর অনুরোধ করেন ড. খলিলুর রহমান। একইসঙ্গে সারের সরবরাহ বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। এ বিষয়ে ইতিবাচক সাড়া দেন তেলমন্ত্রী হরদীপ পুরী।

তিন দিনের সরকারি সফরে দিল্লিতে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী। সফর শেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে মরিশাসের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে তার।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD