বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত হবে জিয়া সরণি খাল, বরাদ্দ ৩০০ কোটি টাকা

রাজধানীর জলাবদ্ধতা নিরসন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তারেক রহমানের উদ্যোগে বুড়িগঙ্গা নদীর সঙ্গে জিয়া সরণি খালকে সংযুক্ত করতে ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর জিয়া সরণি খাল, কোনাপাড়া খাল ও কুতুবখালী খাল পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি খালগুলোর বর্তমান অবস্থা, দখল ও দূষণ পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে অবহেলা ও দখলের কারণে রাজধানীর গুরুত্বপূর্ণ খালগুলো কার্যত মৃতপ্রায় হয়ে পড়েছে। বিশেষ করে জিয়া সরণি খাল নাম থাকা সত্ত্বেও পূর্ববর্তী সরকার জনগণের কল্যাণে এর উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেন তিনি। বর্তমানে সিটি করপোরেশনের অর্থায়নে খালটি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদসহ সংস্কার কার্যক্রম চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
সরকারের পরিকল্পনা অনুযায়ী শুধু একটি খাল নয়, রাজধানীসহ সারাদেশের সব খাল দখলমুক্ত করা হবে বলেও জানান তিনি। এ লক্ষ্যে অবৈধ দখলদারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মীর শাহে আলম আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে তারা সব উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণমূলক সিদ্ধান্ত গ্রহণে বিশ্বাসী। তাই সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করেই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে।
বিজ্ঞাপন
এদিকে নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী দেশজুড়ে নদী, খাল ও জলাধার পুনরুদ্ধারে বৃহৎ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। গত ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় খাল খননের মাধ্যমে একযোগে ৫৪টি খালের খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
সরকারি পরিকল্পনা অনুযায়ী, আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী-নালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন করা হবে। প্রথম ধাপে দেশের ৫৪টি জেলায় এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে, যা কৃষি সেচ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।








