সাংবাদিকদের অবসর ভাতা চালুর লক্ষ্যে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী

দেশের সাংবাদিকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে অবসর ভাতা চালুর লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ করে প্রবীণ সাংবাদিকদের জীবনের শেষ পর্যায়ে আর্থিক অনিশ্চয়তা দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
শনিবার (১৮ এপ্রিল) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও বাস্তবে এই খাতের কর্মীরা অনেক সময় প্রাতিষ্ঠানিক নিরাপত্তার বাইরে থাকেন। ফলে দীর্ঘদিন কাজ করার পরও অনেক সাংবাদিক আর্থিক নিরাপত্তাহীনতায় ভোগেন, যা অত্যন্ত দুঃখজনক।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, সাংবাদিকতা একটি গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পেশা হলেও জীবনের শেষ সময়ে অনেক প্রবীণ সাংবাদিক কষ্টে দিন কাটান। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার তাদের জন্য অবসর ভাতা চালুর পরিকল্পনা হাতে নিয়েছে, যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন।
এ সময় তিনি গণমাধ্যম খাতে নীতিমালা উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণ নিশ্চিত করার বিষয়েও সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্ত্রী আরও বলেন, সমাজের মেধাবী ও প্রতিশ্রুতিশীল পেশাজীবীদের ধরে রাখতে রাষ্ট্রীয় সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারগুলোর একটি।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানের হাতে এক লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন মন্ত্রী। এ সময় ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সরকারের এই উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের সাংবাদিক সমাজের মধ্যে আর্থিক নিরাপত্তা ও পেশাগত মর্যাদা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।








