জর্ডানে বৈধ নিয়োগে কোনো খরচ লাগে না: দূতাবাসের সতর্ক বার্তা

জর্ডানে বৈধভাবে নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের খরচ লাগে না বলে জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ বিষয়ে প্রবাসীদের সতর্ক থাকতে বিশেষ বার্তা দিয়েছে দূতাবাস।
বিজ্ঞাপন
জর্ডানের স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) আম্মানে বাংলাদেশ দূতাবাস থেকে প্রকাশিত এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্ক বার্তায় বলা হয়, কারও হাতে পাসপোর্ট থাকলে জর্ডানে বৈধভাবে নিয়োগের ক্ষেত্রে কোনো টাকা লাগে না। ঢাকার মেডিকেল, আসা-যাওয়া, থাকা-খাওয়া ও চিকিৎসাসহ সব ধরনের ব্যয় বিনামূল্যে সম্পন্ন হয়। এতে আরও বলা হয়, কোনো এজেন্ট বা দালালচক্র যদি টাকা দাবি করে, তবে সেটি সম্পূর্ণ অবৈধ নিয়োগ প্রক্রিয়ার ইঙ্গিত।
বিজ্ঞাপন
এছাড়া দূতাবাসের পক্ষ থেকে প্রবাসী কর্মীদের উদ্দেশে বলা হয়েছে, দালালের হাতে অর্থ তুলে দেওয়ার আগে বিষয়টি ভালোভাবে যাচাই করা উচিত। প্রয়োজনে সংশ্লিষ্ট এজেন্ট বা দালালের পরিচয় যাচাই করে নেওয়া এবং ভিসা সংক্রান্ত তথ্য নিশ্চিত হওয়ার পরই সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।








