Logo

ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে আসতে পারেন বিজেপি নেতা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ এপ্রিল, ২০২৬, ১৮:২৪
ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে আসতে পারেন বিজেপি নেতা
ছবি: সংগৃহীত

বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার হিসেবে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও বর্তমান বিজেপি নেতা দিনেশ ত্রিবেদীকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে নয়াদিল্লি। বর্তমানে ঢাকায় দায়িত্ব পালনরত হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হতে পারেন পশ্চিমবঙ্গ রাজনীতির এই অভিজ্ঞ নেতা।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সবকিছু ঠিক থাকলে পশ্চিমবঙ্গের চলমান নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পরই দিনেশ ত্রিবেদীকে ঢাকায় পাঠানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বর্তমান হাইকমিশনার প্রণয় ভার্মাকে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে ঢাকায় নতুন প্রতিনিধির প্রয়োজন দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, দিনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ দিতে গেলে প্রথমে বাংলাদেশের সরকারের সম্মতি (অ্যাগ্রিমেন্ট) নিতে হবে। কূটনৈতিক প্রথা অনুযায়ী, এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরই আনুষ্ঠানিকভাবে নিয়োগ কার্যকর হবে।

বিশ্লেষকদের মতে, একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে এ ধরনের গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত ভারতের পররাষ্ট্রনীতিতে একটি ভিন্ন বার্তা বহন করছে। এটি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যারিয়ার কূটনীতিকদের জন্যও একটি তাৎপর্যপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

দিনেশ ত্রিবেদীর রাজনৈতিক জীবন দীর্ঘদিনের। তিনি ইউনাইটেড প্রগ্রেসিভ অ্যালায়েন্স (ইউপিএ) সরকারের সময় তৃণমূল কংগ্রেসের মনোনয়নে কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ২০২১ সালের ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে একই বছরের মার্চে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

বিজ্ঞাপন

হিন্দুস্তান টাইমসের বিশ্লেষণে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ দেশগুলোতে রাষ্ট্রদূত বা হাইকমিশনার হিসেবে সাধারণত ভারতীয় ফরেন সার্ভিসের (আইএফএস) কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়ে থাকে। তবে সাম্প্রতিক সময়ে কৌশলগত বিবেচনায় রাজনৈতিক ব্যক্তিত্বদেরও এসব পদে আনার প্রবণতা দেখা যাচ্ছে।

ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্ককে আরও কার্যকর ও সুদৃঢ় করার লক্ষ্যেই এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে, ২০১৯ সালে ভারতের সাবেক সেনাপ্রধান দলবীর সিং সুহাগকে সেশেলসে হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়ে মোদি সরকার নতুন কূটনৈতিক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD