শাহজালাল বিমানবন্দরে এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার উদ্বোধন সোমবার

দেশের আকাশপথ ব্যবস্থাপনাকে আরও উন্নত ও যুগোপযোগী করতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হতে যাচ্ছে অত্যাধুনিক এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার (এটিএমসি)। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ উদ্যোগ বাস্তবায়ন করছে।
বিজ্ঞাপন
জানা গেছে, সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় বিমানবন্দর প্রাঙ্গণে অবস্থিত নতুন এই সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে বেবিচকের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেবেন।
বিজ্ঞাপন
বেবিচক সূত্রে জানা গেছে, নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালুর ফলে দেশের আকাশপথে ফ্লাইট পরিচালনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এতে ফ্লাইট চলাচল আরও নিরাপদ, সমন্বিত এবং সময়নিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই সেন্টারের মাধ্যমে আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও শক্তিশালী হবে, যা আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচলের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
বিশেষজ্ঞদের মতে, ক্রমবর্ধমান বিমান চলাচল ও যাত্রীসেবার চাপ মোকাবিলায় এমন আধুনিক অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন এই উদ্যোগ দেশের বিমান খাতকে আরও কার্যকর ও প্রতিযোগিতামূলক করে তুলবে বলেও তারা মনে করছেন।








