Logo

বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২০ এপ্রিল, ২০২৬, ১৩:৫৫
বগুড়া সিটি কর্পোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের প্রতীক্ষা ও নানা জটিলতা কাটিয়ে অবশেষে দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করল বগুড়া। সোমবার (২০ এপ্রিল) দুপুরে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়া সিটি কর্পোরেশনের উদ্বোধন ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দুপুর ১২টার দিকে সিটি কর্পোরেশন প্রাঙ্গণে ফলক উন্মোচনের মধ্য দিয়ে এই নতুন নগর প্রশাসনের যাত্রা শুরু হয়। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী একই স্থানে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন, যা পরিবেশ সুরক্ষায় সরকারের অঙ্গীকারের প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

এর আগে সকালে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। প্রায় চার ঘণ্টার যাত্রা শেষে সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছান। এরপর বেলা সাড়ে ১১টার দিকে জেলা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে ই-বেইল বন্ড কার্যক্রমের উদ্বোধন করেন, যা বিচারিক প্রক্রিয়াকে আরও সহজ ও আধুনিক করার একটি উদ্যোগ হিসেবে বিবেচিত।

বিজ্ঞাপন

সিটি কর্পোরেশনের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী দুপুর সাড়ে ১২টার দিকে তার পৈতৃক এলাকা বাগবাড়ীর উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখানে তিনি খাল খনন কর্মসূচির সূচনা, ফ্যামিলি কার্ড বিতরণ, হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন এবং নিজ পৈতৃক বাড়ি পরিদর্শন করবেন।

সফরের শেষভাগে বিকেল ৪টায় জেলা বিএনপির আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বিকেল ৫টা ৫০ মিনিটে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন উদ্বোধন এবং একই সময়ে বগুড়া বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে সংক্ষিপ্ত বিরতি নিয়ে সন্ধ্যা ৭টার দিকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০০৬ সালে তৎকালীন সরকার বগুড়া পৌরসভার সীমানা বাড়িয়ে আশপাশের ৪৮টি মৌজা অন্তর্ভুক্ত করে এবং ওয়ার্ড সংখ্যা ১২ থেকে ২১-এ উন্নীত করে। তখন থেকেই এলাকাটিকে সিটি কর্পোরেশনে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হলেও তা দীর্ঘদিন বাস্তবায়ন হয়নি। অবশেষে বর্তমান সরকারের উদ্যোগে সেই পরিকল্পনা বাস্তবে রূপ পেল এবং বগুড়া নতুনভাবে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD