Logo

পাচার হওয়া টাকা ফ্যামিলি-কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেবো

profile picture
জেলা প্রতিনিধি
বগুড়া
২০ এপ্রিল, ২০২৬, ১৯:৩৫
পাচার হওয়া টাকা ফ্যামিলি-কৃষক কার্ডের মাধ্যমে জনগণকে দেবো
ছবি: সংগৃহীত

দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে তা জনগণের কল্যাণে ব্যবহারের পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই অর্থ ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে, যাতে সরাসরি জনগণ উপকৃত হয়।

বিজ্ঞাপন

সোমবার (২০ এপ্রিল) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ৯১১ জন সুবিধাভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, অতীতে দুর্নীতির কারণে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে, যা জনগণের সম্পদ। সেই অর্থ পুনরুদ্ধার করে মানুষের মাঝে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তিনি উল্লেখ করেন, সরকারের লক্ষ্য হচ্ছে দুর্নীতির পথ বন্ধ করে একটি স্বচ্ছ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা।

বিজ্ঞাপন

গ্রামীণ জনগোষ্ঠীকে কেন্দ্র করে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে। তাই উন্নয়ন পরিকল্পনার বড় অংশই গ্রামকে ঘিরে প্রণয়ন করা হয়েছে।

নির্বাচনী অঙ্গীকারের প্রসঙ্গ টেনে তিনি জানান, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। পাশাপাশি কৃষকদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষিঋণ মওকুফের ঘোষণা ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে, যার সুফল পেয়েছেন দেশের প্রায় ১২ লাখ কৃষক।

বিজ্ঞাপন

দেশের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ধাপে ধাপে দেশের অগ্রগতি নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। জনগণের জীবনমান উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমে একটি সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় অংশ নেন। এছাড়া তিনি বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD