Logo

ইতালি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ এপ্রিল, ২০২৬, ১৬:৩২
ইতালি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী
ছবি: সংগৃহীত

বাংলাদেশের উন্নয়ন সহযোগিতায় ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইতালিকে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে নিরাপদ অভিবাসনসহ নানা ক্ষেত্রে সহযোগিতার সম্ভাবনা ক্রমেই বিস্তৃত হচ্ছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে রাজধানীর সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব কথা বলেন তিনি।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, ইতালিতে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসী দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক কার্যক্রম সচল রাখতে সহায়ক ভূমিকা পালন করছে। এ প্রেক্ষাপটে ইতালির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলেও জানান তিনি। ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন মন্ত্রী।

বিজ্ঞাপন

অন্যদিকে ইতালির রাষ্ট্রদূত বলেন, দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সম্প্রসারণে ইতালি আগ্রহী। বিশেষ করে অভিবাসন ব্যবস্থাপনাকে আরও কার্যকর করা বর্তমান ইতালীয় সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

তিনি জানান, আগামী জুন থেকে ইতালিতে নতুন অভিবাসন নীতি কার্যকর হতে যাচ্ছে। এই নীতির মাধ্যমে বৈধ ও নিরাপদ অভিবাসন প্রক্রিয়া সহজতর হবে, পাশাপাশি অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণ এবং প্রত্যাবাসন প্রক্রিয়াও দ্রুততর করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

আলোচনায় গত বছরের জুলাই মাসে বাংলাদেশে অনুষ্ঠিত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের বিষয়ও উঠে আসে। সেখানে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং দক্ষ জনশক্তি প্রেরণের বিষয়ে দুই দেশের মধ্যে আলোচনা হয়েছিল। রাষ্ট্রদূত জানান, এই যৌথ কমিটির পরবর্তী বৈঠক ইতালিতে আয়োজন করা হবে, যা শ্রমবাজার ব্যবস্থাপনা ও অভিবাসন সহযোগিতা আরও সুসংগঠিত করতে সহায়তা করবে।

সাক্ষাৎ শেষে রাষ্ট্রদূত ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো একটি অভিনন্দনপত্র স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর করেন এবং তাকে ইতালি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD